শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত
![]()
নিউজ ডেস্ক
আগামী ২৩ মে স্কুল কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল। তবে চলমান লক ডাউন বর্ধিত করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হলো ২৯ মে পর্যন্ত। তবে ২৯ মের পর খুলবে কি না তা নিশ্চিত বলা যাচ্ছে না।
শিক্ষামন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আরো কিছুদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রথমে তা সবার জন্য খুলবে না। প্রথমে শুধু মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ খোলা হবে। তাদের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ক্লাস করানোর পর পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে সেটিও কবে শুরু হবে তা কেউই নিশ্চিত করতে পারছেন না।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর সৈয়দ গোলাম মোহাম্মদ ফারুক দেশের একটি অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালকে বলেছেন, নতুন ভারতীয় ধরন ধরা পড়ার পর এ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাই আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে আরো গতিশীল করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। জেলা পর্যাযের অনলাইন ক্লাসে উপজেলা শিক্ষার্থীদের সংযুক্ত করার জন্য বলা হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ ৫ শতাংশের নিচে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়তো সম্ভব হবে না। সংক্রমণ কমতে থাকলে একটা সময সীমিত আকারে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য তৈরি সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো শুরু করা যাবে।
করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এর ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যা পড়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকে ঘাটতি নিয়ে ওপরের ক্লাসে উঠছে। কতটুকু শিখল, সেটাও যাচাই করা যাচ্ছে না।
এর আগে সরকার করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে ২৩ মে থেকে স্কুল–কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ থাকায় চলমান বিধিনিষেধ বৃদ্ধির চিন্তাভাবনার পাশাপাশি স্কুল–কলেজ খোলাও পিছিয়ে যাচ্ছে।
এর আগে এক বছরের বেশি সময় ধরে বন্ধের পর ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু সেটিও সম্ভব হয়নি। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।