খাগড়াছড়িতে চাঁদা দিয়েও ইউপিডিএফের হাত থেকে রক্ষা পায়নি আওয়ামীলীগ নেতার বাগান
![]()
নিউজ ডেস্ক
চাঁদা দেওয়ার পরও খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের হাত থেকে রক্ষা পায়নি আওয়ামীলীগ নেতার ফলদ বাগান। গত ২৭ মে বৃহস্পতিবার দিবাগত-রাতে উপজেলার আলীচানপাড়া ও কালানাল এলাকায় আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা কেটে ফেলে বিভিন্ন প্রজাতির ফলজ ও সেগুন বাগান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাঙ্গালী বাগান মালিকরা। আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাগান মালিকদের মাঝে।

এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। প্রসীতপন্থী ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা বলেন, এ ধরনের ঘটনার সাথে আমাদের সংগঠন জড়িত নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
জানা যায়, পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আলীচাঁনপাড়ায় ৮ একর জমিতে ৩ শতাধিক আম গাছ, ৫ হাজার সেগুন গাছ এবং ২ শতাধিক কলাগাছসহ একটি বাগান সৃজন করে। এরপর সন্ত্রাসীদের ধার্য্যকৃত চাঁদাও পরিশোধ করেন তিনি।

ওবাদুল হক বলেন, প্রতিবেশি আলো চাকমা দীর্ঘদিন ধরে আমাকে বাগানে না যাওয়ার জন্য বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। আবার বাগানে পাহারা না দেওয়ার জন্য জোর পূর্বক ষ্টাম্পে সই-স্বাক্ষর নিয়েছে। পরে আমি থানায় সাধারন ডাইরী করি।
বর্তমানে ৮ একর বাগান কেটে ফেলার বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান বাগান মালিক ওবায়দুল হক। এছাড়াও কালানাল এলাকার বাসিন্দা মোঃ ইয়াসিন মিয়ার ২ একর জমির ৩ শতাধিক আম গাছ সন্ত্রাসীরা কেটে ফেলার অভিযোগ পাওয়া যায়। এসকল ঘটনায় পাহাড়ে বাগানিদের মধ্যে ক্ষতির আশঙ্কাসহ আতঙ্ক বিরাজ করছে।