মহালছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
আসন্ন শুষ্ক মৌসুমকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মহালছড়ি বাজারে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিরসন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহালছড়ি সেনা জোন ও বাজার সেচ্ছাসেবক কমিটির সমন্বয়ে একটি যৌথ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
মহালছড়ি জোন সদরের অগ্নি নির্বাপক দল এবং বাজার স্বেচ্ছাসেবক দল কর্তৃক যৌথভাবে দ্রুততম সময়ে অগ্নি নির্বাপন এবং অগ্নি নির্বাপক সরঞ্জামাদির সঠিক ব্যবহার ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।

এছাড়াও, এই মহড়ায় স্থানীয়দের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।
উক্ত মহড়ায় মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া মহালছড়ি বাজারের সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যে কোন জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

তিনি আরও বলেন, মহালছড়ি বাজার এই উপজেলার একটি বৃহত্তর ও ব্যস্ততম বাজার হওয়ায় এর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালছড়িতে কোন ফায়ার সার্ভিস না থাকায় যে কোন দুর্ঘটনা প্রতিরোধে সেনা জোন দ্রুততম সময়ে সাড়া দিতে সক্ষম। এ ব্যাপারে তিনি স্থানীয় স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ৬ এপিবিএন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান রতন শীল, ফায়ার সার্ভিস, খাগড়াছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, ইউনিয়ন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহালছড়িবাসী সেনাবাহিনীর এই জনসচেতনামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।