খাগড়াছড়ির রামগড়ে আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাবালে নূর গার্লস্ মাদ্রাসার উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে আধুনিক, মানসম্মত ও ব্যতিক্রমি ডিজিটাল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাবালে নূর গার্লস্ মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার সময় রামগড় উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে আলহাজ্ব রবিউল হক সড়কের আলম কমপ্লেক্সে মাদ্রাসা ভবনে আনুষ্ঠানিকভাবে জাবালে নূর গার্লস্ মাদ্রাসার উদ্বোধন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ ওয়ার্ড কাউন্সিলর ও গন্যমান্য ব্যক্তিরা। মাদ্রাসার শিক্ষা পরিচালক আবদুল হাই এর সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম আব্দুস সালাম নিজামী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মজিবুর রহমান, মাদ্রাসা পরিচালক জনাব মোঃ হারুনুর রশিদ, রামগড় শিক্ষা উন্নয়ন পরষেদের সদস্য মোঃ নুরুল আলম, মাহমুদুল আলম, জায়নুল আবদীন, মোঃ ইসমাইল, মোঃ নাজিম উদ্দি, আবু আহম্মদ, ফারিসুল ইসলাম, মিজানুর রহমানসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গ, সাংবাদিক, অভিভাবক, ভর্তিচ্ছু শিক্ষার্থী, এলাকার গণ্য-মান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা। পরে ফিতা কেটে মাদ্রাসায় শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। মাদ্রাসার কম্পিউটার ল্যাব এবং শিশু প্লে-ডেন এর উদ্বোধন পর্ব শেষে অতিথিগণ শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং মাদ্রাসার শিক্ষাক্রম, শ্রেণি-ব্যবস্থাপনা-সহ নানাবিধ খোঁজ-খবর নেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, বর্তমান বিশ্বের আধুনিক ও রুচিশীল শিক্ষাব্যবস্থার সাথে চমৎকার সম্বনয় রেখে এ প্রতিষ্ঠান সাজানো হয়েছে দেখে আমরা অভিভূত হয়েছি। আশা করছি এ মাদ্রাসা তার লক্ষ ঠিক রেখে এগিয়ে যাবে। তিনি বলেন, ‘আজকের শিশু আগামী দিনে বিশ্ব নেতৃত্ব দিবে, তাই তাদেরকে উপযোগী করে গড়ে তুলতে হবে।’ তাঁর বক্তব্যে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

এসময় অনুষ্ঠানের অতিথিগণ ভর্তি মেলায় তাৎক্ষণিক ভর্তি হওয়া শিশুদের হাতে ভর্তি ফরম ও পুরষ্কার তুলে দেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী বলেন- ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের গন্ডি পেরিয়ে বাহিরের যা কিছু ভালো তা গ্রহন করতে হবে।’ আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল এ.কে.এম আব্দুস সালাম নিজামী। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, নিরাপত্তা, কারিকুলাম, শিখন-শিখানো পদ্ধতি এবং আধুনিক মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন মাদ্রাসার পরিচালক ও ভাইস-প্রিন্সিপাল মোঃ আবদুল হাই।

সমাপনি বক্তব্যে সভাপতি আব্দুল কাদের, মাদ্রাসা কর্তৃপক্ষের সকল অঙ্গীকার যথাযথভাবে পূরন করে রামগড়বাসীর জন্য অত্যাধুনিক শিক্ষার দ্বার উন্মোচনের পথ সুগম করার জন্য রাজনৈতিক, প্রশাসনিক ব্যাক্তিবর্গ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২৩ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেনি পর্যন্ত ভর্তির সুযোগ রেখে কার্যক্রম শুরু করে খাগড়াছড়ির প্রথম আধুনিক মানের এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। উদ্বোধন উপলক্ষ্যে তিন দিনব্যাপী ভর্তি মেলার আয়োজন করা হয়। মেলা চলাকালীন যেসব শিক্ষার্থী ভর্তি হবে তাদের জন্য আকর্ষনীয় পুরষ্কারের ব্যবস্থা রয়েছে বলেও জানা গেছে। আগামী ২৫ নভেম্বর শুক্রবার ও ২৬ নভেম্বর শনিবার পর্যন্ত ভর্তি মেলা চলমান থাকবে। তবে এই ভর্তি চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।