বান্দরবানের রুমায় সীমান্তবর্তী পাহাড়ে ১১৫ একর পপি বাগান ধ্বংস করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমা উপজেলায় সীমান্তবর্তী উমবাক্ক পাড়া এলাকায় পাহাড়ের ঢালুতে চাষ করা ১১৫ একর নিষিদ্ধ মাদক পপির বাগান ধ্বংস করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বগামুখপাড়ার এলাকায় সীমান্তবর্তী উমবাক্ক পাড়া পাহাড়ের ঢালুতে নিষিদ্ধ মাদকদ্রব্য পপি চাষ করে সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রুমা ব্যাটালিয়নের একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চাষ করা ১১৫ একর নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করেছে। এ সময় বিজিবি সদস্যরা পপি বাগানটি ধ্বংসের পর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে রুমা ব্যাটালিয়নের ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফ জানান, বান্দরবানের পাহাড়ে চাষকৃত প্রায় ১১৫ একর জমির পপিক্ষেতের গাছ, ফুল ও ফল স্থানীয়দের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা পপির পরিমাণ প্রায় তিন হাজার কেজির মত। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে একুশ কোটি টাকার বেশি হবে ধারণা করা হচ্ছে। দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল ও দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ বিজিবির এ ধরনের মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে।