জলসিঁড়িতে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে আধুনিক একাডেমিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধভিত্তিক ও নৈতিক শিক্ষার সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। এই লক্ষ্য বাস্তবায়নে নৈতিকতা, শৃঙ্খলা ও একাডেমিক উৎকর্ষকে কেন্দ্র করে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের নির্দেশনা দেন তিনি।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনী প্রধানের এই দিকনির্দেশনার ধারাবাহিকতায় ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)’ ধারণার উদ্ভব হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘A Triple I’-এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়িতে শুরু হওয়ার কথা রয়েছে।

একইসঙ্গে চট্টগ্রামে ‘A Triple I’-এর আরেকটি ক্যাম্পাস নির্মাণকাজও প্রক্রিয়াধীন রয়েছে।
পর্যায়ক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকায় এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতে নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে দেশের শিক্ষা খাতে একটি স্বতন্ত্র ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।