জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে সাফল্যের ছাপ
![]()
নিউজ ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ জাতীয় পর্যায়ে আবারও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লেখযোগ্য অর্জনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন।
এ বছরের প্রতিযোগিতায় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছে।
পাশাপাশি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে স্বীকৃতি পেয়েছে।

একই সঙ্গে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ লেঃ কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (স্কুল) নির্বাচিত হয়ে বিশেষ সম্মান অর্জন করেন।
অন্যদিকে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর-এর অধ্যক্ষ লেঃ কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হন।
এছাড়া আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক মোঃ আব্দুল বাতেন শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

জানা গেছে, চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ১০৯টি বিষয়ের আওতায় মোট ২৬১টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা ৪৫টি পুরস্কার অর্জন করেছেন। এই সাফল্য সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা, অধ্যবসায়, নিয়মিত অনুশীলন ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতেও আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাবে।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ধারাবাহিক সাফল্য দেশের শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা, গুণগত মান ও মূল্যবোধভিত্তিক শিক্ষার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।