চিকিৎসা খাতে অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক চিকিৎসা কমান্ডার
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে পাঁচ দিনের ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ই. ড্যারিন কক্স। গত ১৮ জানুয়ারি শুরু হওয়া তার এই সফর আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক চিকিৎসা খাতে বিশেষজ্ঞ বিনিময় ও যৌথ মহড়ার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সফরটি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।
মেজর জেনারেল ই. ড্যারিন কক্স বর্তমানে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অধীন ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবৃতিতে জানানো হয়, তার এই সফর যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের অংশীদারিত্ব জোরদার এবং সহযোগী দেশগুলোর সক্ষমতা উন্নয়নের কৌশলগত লক্ষ্যকে সমর্থন করে।
সফরের অংশ হিসেবে মেজর জেনারেল কক্স ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের চলমান কার্যক্রম, চিকিৎসা অবকাঠামো এবং মানবিক ও দুর্যোগকালীন চিকিৎসা সক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শন ও আলোচনার মাধ্যমে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ চিকিৎসা ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রম এবং যৌথ মহড়া আয়োজনের একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে সামরিক চিকিৎসা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত হবে।
সংশ্লিষ্ট মহলের মতে, মেজর জেনারেল ড্যারিন কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চলমান অঙ্গীকারেরই প্রতিফলন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
প্রসঙ্গত, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও শান্তিরক্ষা মিশনে চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে আসছে, যার ধারাবাহিকতায় এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।