রাঙামাটির লংগদুতে দুই পাহাড়ী শিক্ষার্থীর পাশে দাঁড়াল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় অসহায় দুই পাহাড়ী শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় লংগদু জোনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ’র সার্বিক নির্দেশনায় লেঃ তাওসীফ উপজেলার দরিদ্র ও অসচ্ছল পরিবারের দুইজন মেধাবী পাহাড়ী শিক্ষার্থীর হাতে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অর্থাভাবে ওই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল।
অনুদান পেয়ে শিক্ষার্থীদের পরিবার আবেগাপ্লুত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সেনাবাহিনীর এই সহযোগিতা তাদের সন্তানদের শিক্ষা জীবন অব্যাহত রাখতে নতুন আশার আলো দেখিয়েছে। একই সঙ্গে তারা সেনাবাহিনীর সদস্যদের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা করেন।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কেবল নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানবিক দায়বদ্ধতা থেকেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়তা প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর বিভিন্ন জোন নিয়মিতভাবে আর্থিক অনুদান, শিক্ষা উপকরণ বিতরণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্প্রীতি আরও জোরদার করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।