বান্দরবানের রুমায় পর্যটকদের জন্য অনলাইন অনুমতি পদ্ধতি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় আগত পর্যটকদের জন্য অনলাইন মাধ্যমে পর্যটন অনুমতি গ্রহণ পদ্ধতি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রুমা জোনের উদ্যোগে আয়োজিত এই সভায় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার উপস্থিত থেকে পর্যটন অটোমেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
সভায় পর্যটক গাইড, গাড়ি সমিতির লাইনম্যান, গাড়ি চালকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি এবং রুমা থানার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, রুমা উপজেলায় পর্যটকদের যাতায়াত আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে পর্যটন অনুমতি প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে, যার মাধ্যমে পর্যটকরা ঘরে বসেই ভ্রমণের অনুমতি গ্রহণ করতে পারবেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, পর্যটকদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ভ্রমণের সময়সূচি, দলের সদস্যদের তথ্য, চালক ও যানবাহনের তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এই অটোমেশন পদ্ধতির ফলে হয়রানি কমবে, সময় সাশ্রয় হবে এবং পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় অংশগ্রহণকারীরা অনলাইন অনুমতি পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে জোন অধিনায়ক সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেন। উপস্থিত পর্যটক গাইড ও পরিবহন সংশ্লিষ্টরা এই উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে বলেন, এর মাধ্যমে রুমার পর্যটন ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে।
প্রসঙ্গত, পর্যটন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে রুমা উপজেলায় পর্যটন অনুমতি প্রক্রিয়াকে ডিজিটাল করার এই উদ্যোগ ভবিষ্যতে পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।