পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী দীপেন দেওয়ান, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী দীপেন দেওয়ান, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী দীপেন দেওয়ান, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথের পরপরই নতুন মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

নতুন মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিজয়ী দীপেন দেওয়ান-কে। দলীয় ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারই প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন।

নির্বাচনে দীপেন দেওয়ান এক লাখ ৬৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা-কে পরাজিত করেন। পোস্টাল কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে তিনি পান ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা পান ৩১ হাজার ১৪২ ভোট। এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-কে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। তরুণ নেতা হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তার অনুসারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১৪৩টি কেন্দ্রে মীর হেলাল পান ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন মুনির পান ৪৪ হাজার ভোট। ফল ঘোষণার পর তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, মীর হেলালের বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক বিমান প্রতিমন্ত্রী ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সমন্বিত প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ওপর বিশেষ দায়িত্ব বর্তাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।