খাগড়াছড়ি সদর ও মাটিরাঙায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির জেলা সদর ও মাটিরাঙা উপজেলায় পৃথক দুটি স্থানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর উদ্যোগে জরুরি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় মাটিরাঙা উপজেলার ত্যান্দং-তবলছড়ি ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি পাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তি, মৌজা হেডম্যান, কার্বারী, মুরুব্বি এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এক বিশেষ জরুরি আলোচনা সভা আয়োজন করা হয়।
সভায় পাহাড়ের অতীত ও বর্তমান রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি এবং চলমান বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, জুম্ম জাতির অধিকার আদায়ের লক্ষ্যে ভবিষ্যতে যেকোনো ত্রিমুখী সংকটময় পরিস্থিতি বা ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আচলং মৌজার হেডম্যান আলোকিত দেওয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুলেন চাকমা। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য মনি চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়া ইউপি সদস্য সুকুমার ত্রিপুরা ও সুকমল চাকমা বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা অর্কেন চাকমা।

একই দিন, জেলা সদরের বওড়া পাড়া, ১নং প্রকল্প পেরাছড়া ধর্মপুর এলাকার কার্বারী, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দলীয় কেন্দ্রীয় অফিস মধুপুরে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও অর্থ সচিব উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জুম্ম জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান। তারা অতীতের মতো ভবিষ্যতেও দলীয় কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাগুলোতে সাংগঠনিক ঐক্য, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিত অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।