রমজান উপলক্ষে বান্দরবানের ৫শ পরিবারে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান।
এসময় সদর জোনের স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, বিভিন্ন মসজিদ ও এতিমখানার দায়িত্বপ্রাপ্ত ইমাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকার গরিব ও অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবান সদর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার প্রায় ৫০০ পরিবার ও মাদ্রাসা-এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের মাঝে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, “পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই আমরা এ উদ্যোগ নিয়েছি। সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, রমজানের শুরুতেই এমন সহায়তা পেয়ে তারা স্বস্তি অনুভব করছেন। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর এ ধরনের সামাজিক উদ্যোগ জনসাধারণের সঙ্গে বাহিনীর সুসম্পর্ক আরও জোরদার করবে বলে তারা মনে করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।