মণিপুরে প্রাক্তন সেনাসদস্য সমাবেশ, অংশ নিলেন শতাধিক ভেটেরান ও পরিবার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের সেনাপতি জেলায় শুক্রবার কারং গ্রাউন্ডে প্রাক্তন সেনাসদস্যদের (এক্স-সার্ভিসম্যান) নিয়ে ‘ইএসএম র্যালি ২০২৬’ আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। ভেটেরানদের কল্যাণ ও তাদের সঙ্গে যোগাযোগ জোরদারের লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের প্রাক্তন সদস্য, বীর নারীদের (যুদ্ধাহত বা শহীদ সেনাদের স্ত্রী) এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিয়ার কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ধারকার। এছাড়া রেড শিল্ড ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শুভঙ্কর বসুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি প্রাক্তন সেনাসদস্য ও তাদের পরিবারের প্রতি সেনাবাহিনীর সম্মান ও সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে।
র্যালিতে মোট ৮৫০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ৩২৫ জন এবং আসাম রাইফেলসের ২৩০ জন প্রাক্তন সদস্য ছিলেন। এছাড়া ১৫৩ জন বিধবা ও ১৪২ জন নির্ভরশীল পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৩ জন বীর নারী ও দুইজন বীর মাতা ছিলেন।

“অতীতকে সম্মান, ভবিষ্যৎকে অনুপ্রেরণা” প্রতিপাদ্যে আয়োজিত এই র্যালিতে প্রাক্তন সেনাসদস্যদের বিভিন্ন সমস্যা শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিতকরণ, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, স্থানীয় মণিপুরি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশিষ্ট ভেটেরান ও বীর নারীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সেবা দিতে অভিযোগ গ্রহণ কেন্দ্র, মেডিকেল ক্যাম্প, স্পার্শ ও ইসিএইচএস সহায়তা ডেস্ক, রাজ্য ও জেলা সৈনিক বোর্ড, পিসিডিএ (গুয়াহাটি), এআরও সহায়তা এবং সিএসডি সেবাসহ বিভিন্ন সেবা কাউন্টার স্থাপন করা হয়।
এছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক ও আইডিবিআই ব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রাক্তন সেনাসদস্য, বীর নারী ও তাদের পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং প্রদত্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন। সফলভাবে এ কর্মসূচি আয়োজনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী তাদের ভেটেরানদের প্রতি সম্মান ও তাদের সেবা-ত্যাগের স্বীকৃতি পুনর্ব্যক্ত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।