ফটিকছড়ির পানুয়াছড়া সীমান্তে বিজিবির অভিযানে ১১৮ বোতল বিদেশি মদ জব্দ
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ পানুয়াছড়া বিওপির একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হারবাতলী রহমতপুর এলাকায় টহলদল ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে ভারত সীমান্ত থেকে সাতজন চোরাকারবারীকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
এ সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বহন করা সাতটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে সাতটি বস্তার ভেতর থেকে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং সীমান্তে চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
এ বিষয়ে সীমান্ত এলাকার জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও বিজিবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।