কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের বড় বাজার পৌরসভা মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
বুধবার (১১ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মার্চ রবিবার রাতে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার, মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের বড় বাজার পৌরসভা মার্কেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় ৩টি গুদাম ঘরে তল্লাশি করে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফট্যানেন্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।