রাঙামাটিতে জেএসএস কর্তৃক দুই শিক্ষার্থী অপহরণ, আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় মুক্তি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বৌদ্ধবিহার এলাকায় গতকাল শুক্রবার (২৭ মার্চ) দুই শিক্ষার্থীকে অপহরন ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস কর্তৃক সংগঠিত এই অপহরণের ঘটনায় ভুক্তভোগী ছিলেন সৈয়দ আজিম মাহমুদ ওসমানী (২৪) এবং এটিনা চাকমা (২২)। শিক্ষার্থীরা ব্যক্তিগত বন্ধুত্বের সূত্রে চিৎমরম এলাকায় ভ্রমণে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থী বৌদ্ধবিহার এলাকায় পৌঁছালে বিষয়টি সোর্সের মাধ্যমে জেএসএস সন্ত্রাসীদের নজরে আসে। এরপর জেএসএস সদস্যরা শিক্ষার্থীদের ধরে আনুমানিক ১.৫ কিলোমিটার দূরের দূর্গম আগাপাড়া এলাকায় নিয়ে যান এবং সেখানে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন।
এই ঘটনার পর চন্দ্রঘোনা থানার ওসি এম. সাকের আহমেদ ঘটনাটি জানতে পেরে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেন। তাদের হস্তক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তি পায়।
এসময় অপহরণের শিকার এটিনা চাকমাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং সৈয়দ আজিম মাহমুদকে নিজ জিম্মায় রাখা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিচয় অনুযায়ী, সৈয়দ আজিম মাহমুদ চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এটিনা চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার বেতছড়ি গ্রামের বাসিন্দা ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানিয়েছে, জেএসএস সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে পার্বত্য এলাকার শান্তি ও সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ একযোগে এই ধরনের ঘটনাকে রোধ করতে তৎপর রয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি বলেন, “দুর্গম এলাকায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। এই ধরনের অপহরণমূলক ঘটনা পুনরায় ঘটতে দেওয়া হবে না।”
এ ঘটনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং জেএসএস সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে শিক্ষার্থী, পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।