টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটকরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচীপাড়ার বাসিন্দা জাহেদ হোসেনের ছেলে মোহাম্মদ জায়েদ (২৬) এবং একই ইউনিয়নের পানছড়ি পাড়ার বাসিন্দা আব্দুল আলমের ছেলে মোহাম্মদ সোহেল (১৮)।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বুধবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের সঙ্গে থাকা একটি বস্তা থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবা ও পাচারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।