সাজেকের শুকনাছড়িতে সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে চোরাই সেগুন কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে বাঘাইহাট জোনের আওতাধীন ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাঘাইহাট জোন সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শুকনাছড়ি এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাঘাইহাট বন বিভাগ এবং বাঘাইহাট জোনের একটি সি-টাইপ টহল দল অংশ নেয়। টহল দলের নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের কর্পোরাল মোঃ আমিরুল ইসলাম।
অভিযানকালে রাস্তার পাশে মালিকবিহীন অবস্থায় রাখা অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ আনুমানিক ১০৬টি টুকরা, যার মোট পরিমাণ প্রায় ১৫২ ঘনফুট। আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় এক লক্ষ সাতষট্টি হাজার দুইশত টাকা।

পরবর্তীতে জব্দকৃত কাঠ বাঘাইহাট বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বনসম্পদ রক্ষায় সেনাবাহিনী ও বন বিভাগের এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।