কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ২৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২৬ কোটি টাকার বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (১১ এপ্রিল) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এক অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস, যার আনুমানিক মূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, আধুনিক সার্ভেইলেন্স প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, মিয়ানমার থেকে একদল মাদক চোরাকারবারী নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী গোলপাতা এলাকায় অবস্থান নেয়। পরে ভোর ৩টার দিকে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতর থেকে খাকী রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।