রাজধানীতে বর্ণাঢ্য বিজু–সাংগ্রাই–বৈসু–বিষু শোভাযাত্রা, রমনায় ভাসলো ফুল
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিজু–সাংগ্রাই–বৈসু–বিষু উৎসব উপলক্ষে রাজধানী বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে নাচ, গান ও বাদ্যযন্ত্রের তালে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রমনা পার্কের লেকে পুষ্প ভাসানোর আয়োজন করা হয়। এতে বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু-কিশোররা অংশ নেন, যা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
এতে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ছাড়াও ঢাকার সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে দীপেন দেওয়ান বলেন, এই উৎসবের মাধ্যমে পাহাড়িদের সংস্কৃতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, উৎসবটি সরকারিভাবে ছুটি ঘোষণা করা গেলে আরও বৃহৎ পরিসরে উদযাপন সম্ভব হবে।
তিনি আরও বলেন, ঢাকায় বসবাসরত অনেক পাহাড়ি শিক্ষার্থী ও কর্মজীবী নানা কারণে নিজ এলাকায় গিয়ে উৎসবে অংশ নিতে পারেন না। তাই ঢাকায় এ আয়োজন তাদের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।