সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক গতকাল সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৩ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সাক্ষাৎকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের অবিচল প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। বর্তমান সময়ে বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনগুলো যে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বপূর্ণ ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
এসময় জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে আবেই অঞ্চলে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা (WPS)’ এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রদান অব্যাহত রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।