আলীকদম জোনের উদ্যোগে অসচ্ছল মানুষ ও শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলায় আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ করেছে আলীকদম জোন।
আজ বুধবার জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অনুদান প্রদান করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আলীকদম জোন। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক-এর নির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা তাদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২ লাখ ৯০ হাজার ৬১৩ টাকা অনুদান প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি করছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনী শুধু দেশ রক্ষায় নয়, মানবিক সহায়তার মাধ্যমেও জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়ে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাসের আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।