সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দিলেন এমপি সাচিংপ্রু জেরী
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার সব উপজেলা ও জনগণকে “এক মায়ের সন্তান” উল্লেখ করে সম্প্রীতির বন্ধন অটুট রেখে জনসাধারণের সুবিধার্থে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।
বুধবার (২০ মে ২০২৬) রোয়াংছড়ি উপজেলা সফরকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবীর এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক।
এছাড়া সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সফরকালে সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহারের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি অংজাই পাড়া বৌদ্ধ বিহারে সীমাঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় তিনি ভূমিসেবা মেলার কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ ও ভূমি সেবা বুথ পরিদর্শন করেন।
সভায় বক্তারা পার্বত্য এলাকায় সম্প্রীতি বজায় রেখে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বান্দরবানের বিভিন্ন উপজেলায় উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিদর্শনে নিয়মিত সফর করছেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।