ঈদের আনন্দ ভাগাভাগি করতে কাওলা আনসার ক্যাম্পে প্রীতিভোজে মহাপরিচালক
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদ-উল আযহার আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ভাগাভাগি করে নিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা আনসার ক্যাম্পে এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা মহানগর আনসার উত্তর জোন। ঈদ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন বাহিনীর মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, ঢাকা মহানগর আনসার উত্তর জোনের অধিনায়কসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে অঙ্গীভূত আনসার সদস্য, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৮০০ জন সদস্য অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের আবহ।
প্রীতিভোজ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মহাপরিচালক বলেন, পবিত্র ঈদ-উল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ। এই মহান শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আরও সুদৃঢ়ভাবে ধারণ করতে হবে। তিনি বাহিনীর সকল সদস্যকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ-সংকটে মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও বাহিনীর সদস্যরা একই নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, ঈদকে ঘিরে বাহিনীর সদস্যদের মাঝে সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। দীর্ঘসময় দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে একত্রে ঈদের আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে বাহিনীর অভ্যন্তরীণ ঐক্য ও মনোবলও বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, আনসার-ভিডিপি একাডেমি, বিভিন্ন রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়সহ দেশের বিভিন্ন অঙ্গীভূত আনসার ক্যাম্পে সদস্যদের অংশগ্রহণে অনুরূপ প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।