পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি
![]()
নিউজ ডেস্ক
সদ্য পদত্যাগ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ।
রোববার (৭ জুন) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দীপেন দেওয়ান জাতীয় সংসদ সদস্য হন। পরবর্তীতে তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পার্বত্য অঞ্চলের মানুষ নতুন আশার আলো দেখেছিল। তারা বিশ্বাস করেছিলেন, দীর্ঘদিনের নানা সমস্যা, উন্নয়ন বৈষম্য ও পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার নেতৃত্বে আরও কার্যকরভাবে সমাধানের পথে এগোবে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীপেন দেওয়ান একজন সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তি হিসেবে পার্বত্যাঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছিলেন। তার আকস্মিক পদত্যাগের ঘটনায় পার্বত্যবাসীর মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তোলেন, একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে কেন দায়িত্ব ছাড়তে হলো, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অভিজ্ঞ এবং এলাকার বাস্তবতা সম্পর্কে অবগত নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় দীপেন দেওয়ানকে পুনর্বহাল করা হলে পার্বত্যবাসীর প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের অনুভূতি ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রিসভার দায়িত্বে ফিরিয়ে আনা হোক। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তারা।
বক্তারা বলেন, “আমরা চাই না একই দাবিতে বারবার রাজপথে নামতে হোক। তবে জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী নমিতা চাকমা, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আশুতোষ, সমাজসেবক ধীমান খীসা, ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন এবং শিক্ষার্থী মংনুচিং মারমাসহ অন্যান্যরা।
পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবি জানানো হয় এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও জনস্বার্থে তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।