খাগড়াছড়ির দিঘীনালায় বর্ণাঢ্য আয়োজনে ৭ বিজিবির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় সীমান্ত রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের গৌরবগাথা স্মরণ করে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রশাসনিক সুবিধা এবং ঈদ-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রোববার (৭ জুন) আনন্দঘন পরিবেশে দিবসটি পালন করা হয়।
দীঘিনালায় অবস্থিত বাবুছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ। অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মুরতোজা আলী খান, দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ। দিবসের শুরুতে দেশ, জাতি, সীমান্তে নিয়োজিত সদস্যদের নিরাপত্তা এবং বর্ডার গার্ড বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৬৮ বছরের গৌরবোজ্জ্বল পথচলায় বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একইসঙ্গে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে বাহিনীটি।
তিনি বলেন, পার্বত্য সীমান্ত অঞ্চলের মতো দুর্গম এলাকাগুলোতে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও দেশের স্বার্থে এবং সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ইফতেখারুল আলম বেগ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও গৌরবময় বাহিনী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও বাহিনীটির ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা এবং দেশপ্রেমই বাহিনীটির শক্তির মূল ভিত্তি। এসব গুণাবলীর কারণেই বিজিবি আজ দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
আলোচনা পর্বে বক্তারা বাবুছড়া ব্যাটালিয়নের দীর্ঘ পথচলার বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। তারা বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিজিবি একটি জনবান্ধব বাহিনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা ৭ বিজিবি’র ৬৮ বছরের গৌরবময় ইতিহাস স্মরণ করেন এবং দেশের সীমান্ত সুরক্ষায় বাহিনীটির অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা বিজিবির পেশাদারিত্ব ও দেশসেবার অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।