প্রতিরক্ষা উপদেষ্টার স্পারসো পরিদর্শন: জাতীয় নিরাপত্তায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে জোর

প্রতিরক্ষা উপদেষ্টার স্পারসো পরিদর্শন: জাতীয় নিরাপত্তায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে জোর

প্রতিরক্ষা উপদেষ্টার স্পারসো পরিদর্শন: জাতীয় নিরাপত্তায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে জোর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের প্রতিরক্ষা সক্ষমতা, জাতীয় নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোতে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং স্পারসোর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। কর্মকর্তারা মহাকাশ গবেষণা, স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ, দূর অনুধাবন প্রযুক্তি এবং ভূ-তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম তুলে ধরেন।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইটভিত্তিক তথ্যব্যবস্থা এবং দূর অনুধাবন প্রযুক্তি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাই দেশের নিরাপত্তা, সীমান্ত পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উন্নয়ন পরিকল্পনায় এসব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি স্পারসোকে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, মহাকাশ গবেষণা এবং রিমোট সেন্সিং প্রযুক্তিকে জাতীয় প্রতিরক্ষা কৌশলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণেরও নির্দেশনা দেন তিনি।

প্রতিরক্ষা উপদেষ্টা সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, কৌশলগত মানচিত্র (স্ট্র্যাটেজিক ম্যাপিং) প্রস্তুত এবং ভূ-স্থানিক বুদ্ধিমত্তা (জিওস্পেশাল ইন্টেলিজেন্স) উন্নয়নে স্পারসোর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ ও নিরাপত্তা ব্যবস্থায় সঠিক ও তাৎক্ষণিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্যাটেলাইটভিত্তিক তথ্য ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, স্পারসোর সংগৃহীত স্যাটেলাইট ডেটা ও গবেষণালব্ধ তথ্য যেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনাল, পরিকল্পনামূলক ও গবেষণামূলক কাজে দ্রুত এবং সহজে ব্যবহার করা যায়, সে বিষয়ে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।

প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রতিরক্ষা উপদেষ্টা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্যাটেলাইট ইমেজ প্রসেসিং এবং আধুনিক রিমোট সেন্সিং প্রযুক্তি স্পারসোর কার্যক্রমে আরও ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির মানবসম্পদ উন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন পরিকল্পনায় স্যাটেলাইটভিত্তিক তথ্য আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।

একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ফসলের অবস্থা, মাটির আর্দ্রতা, বনাঞ্চলের পরিবর্তন এবং পানিসম্পদের তথ্য নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সরকারকে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য সরবরাহ করতে হবে। এ উদ্দেশ্যে স্পারসোর সংগৃহীত তথ্য ও ডেটাবেইস সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শনের শেষ পর্যায়ে স্পারসোর সার্বিক কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, যুগোপযোগী এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অবদান রাখতে সক্ষম স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারের উচ্চপর্যায়ের এই দিকনির্দেশনা স্পারসোর গবেষণা, প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় পর্যায়ে অবদান আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *