একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সড়ক ও অবকাঠামো উন্নয়নে জোর
![]()
নিউজ ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি সম্পূর্ণ নতুন, তিনটি সংশোধিত এবং বাকি দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত ১০টি প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। উন্নয়ন ব্যয়ের বেশির ভাগই সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।
হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৮০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় করা হবে।
এবারের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হিসেবে অনুমোদন পেয়েছে সড়ক অবকাঠামো খাতের একটি প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। এই আঞ্চলিক সড়ক যোগাযোগের আধুনিকায়নে ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) সড়ক উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়িত হবে।
স্থানীয় সরকার ও আবাসন খাতের উন্নয়নে মেগা সিটির পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়কেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর অধীনে ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন নগর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নির্মিত হবে ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স’।
স্বাস্থ্য খাতের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ সংশোধিত প্রকল্প। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় দেশের ৩৩টি জেলার সার্কিট হাউস এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আধুনিক লিফট স্থাপন করা হবে।
বিদ্যুৎ-সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন’ প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় বরিশাল অঞ্চলের কৃষকদের সুবিধার্থে ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’ অনুমোদন করা হয়েছে।
শিক্ষা খাতে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে দুটি বড় সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি হলো দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প এবং অন্যটি হলো ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট’ প্রকল্পের তৃতীয় সংশোধন।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ছয়টি প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে অবহিত করা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসন, ডাকসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ, ঢাকা সেনানিবাসে অবকাঠামো সম্প্রসারণ, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচির দ্বিতীয় পর্যায় এবং খুলনায় পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।