প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদানে ঋতুপর্ণা চাকমার নতুন ঘর নির্মাণের উদ্যোগ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য নতুন গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
সরকারি সূত্রে জানা যায়, দেশের নারী ফুটবলে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ মর্যাদা অর্জন করেছেন।
এর আগে ২০২৫ সালে ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্যও সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সে সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারিগর হিসেবে বিবেচিত ঋতুপর্ণা চাকমা। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার পেছনেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, পার্বত্য অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখা ঋতুপর্ণা চাকমা বর্তমানে দেশের নারী ফুটবলের অন্যতম প্রতীক। তার সংগ্রাম, পরিশ্রম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মের নারী ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর এই সহায়তা শুধু একজন কৃতী খেলোয়াড়ের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতিই নয়, বরং দেশের ক্রীড়াবিদদের প্রতি সরকারের দায়িত্বশীলতা ও উৎসাহ প্রদানেরও একটি ইতিবাচক দৃষ্টান্ত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।