প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে আসছেন তারেক রহমান, ১২ ঘণ্টায় ১১ কর্মসূচি
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার সফরে তিনি জেলার বিভিন্ন স্থানে ১১টি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় ঢাকা থেকে আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ সময় সেখানে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। সেখান থেকে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চল এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
দুপুরে পেকুয়ার মেহেরনামা গ্রামে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর নেবেন।
একই সফরে পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বিকেলে চকরিয়া বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন। সফরের শেষ পর্বে শহরের একটি হোটেলে জেলার বিশিষ্ট ব্যক্তি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ১০টার দিকে আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় নেতাকর্মীরা সফর সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।