ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
![]()
নিউজ ডেস্ক
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ৯৭১ জন আহত হয়েছেন বলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
এর আগে আজ সকালে রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সে সময় তিনি সতর্ক করে বলেছিলেন, উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এটাকে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম বিবেচনা করা হচ্ছে। এর কম্পন দেশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।
ভূমিকম্পের পর বুধবার গভীর রাতে রদ্রিগেজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। দেশটির উত্তর ক্যারিবীয় উপকূলে আঘাত হানা এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুরো অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা ৪২ শতাংশ।
রাজধানী কারাকাসের কাছাকাছি অবস্থিত লা গুয়াইরা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে সেখানে বহু ভবন ও বাড়িঘর ধসে পড়েছে।
রদ্রিগেজ বলেন, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য হলো ধসে পড়া ভবন ও বাড়িঘরের নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধার করা। সে লক্ষ্যে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।