লংগদু জোন কাপ ফুটবল প্রতিযোগিতার পর্দা নামল, চ্যাম্পিয়ন মাইনি ইউনিয়ন একাদশ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু সেনা জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং যুবসমাজের ইতিবাচক বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘লংগদু জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন মাইনি ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্স-আপ খেদারমারা ইউনিয়ন ফুটবল একাদশের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এ ছাড়া প্রতিযোগিতার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন খোকন চাকমা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন ঝন্টু দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক, সামাজিক ও ক্রীড়াভিত্তিক কর্মসূচি পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ঐক্য বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম। তাই যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ‘লংগদু জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপ্তি ঘোষণা করেন।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জোন নিয়মিতভাবে ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, নেতৃত্বগুণ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।