সেনকাকু দ্বীপপুঞ্জে মুখোমুখি চীন-জাপান, সংঘর্ষ নিয়ে দুই দেশের ভিন্ন দাবি
![]()
নিউজ ডেস্ক
বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে চীন ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার ওই এলাকায় একটি জাপানি মাছ ধরার নৌকা এবং চীনের উপকূলরক্ষী জাহাজকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দুই দেশ ভিন্ন ভিন্ন দাবি করেছে।
পূর্ব চীন সাগরের এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে চীন ও জাপানের মধ্যে। জাপান দ্বীপগুলোকে সেনকাকু নামে পরিচিত করলেও চীন এগুলোকে দিয়াওইউ দ্বীপপুঞ্জ বলে দাবি করে। এই সমুদ্র এলাকায় গত কয়েক বছর ধরে দুই দেশের জাহাজের মুখোমুখি হওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। উভয় দেশই সেখানে নিয়মিত টহল চালায় এবং একে অপরকে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে।
চীনের উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার জানায়, তারা পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের একটি দ্বীপের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করা একটি জাপানি মাছ ধরার নৌকাকে সরিয়ে দিয়েছে। চীনের দাবি, জাপানি ওই নৌকাটি তাদের নিয়ন্ত্রণাধীন জলসীমায় ‘অবৈধভাবে প্রবেশ’ করেছিল। তাই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেটিকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে জাপানের উপকূলরক্ষী বাহিনী এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
তাদের দাবি, মঙ্গলবার সকালে চীনের দুটি উপকূলরক্ষী জাহাজ একটি জাপানি মাছ ধরার নৌকার দিকে এগিয়ে যাচ্ছিল। নৌকাটিতে দুইজন আরোহী ছিলেন। জাপান জানায়, তারা চীনা ওই দুটি জাহাজকে বাধা দেয় এবং সেখান থেকে সরে যেতে বাধ্য করে। টোকিও বলেছে, সেনকাকু দ্বীপপুঞ্জের আশপাশে নিজেদের আঞ্চলিক জলসীমায় চীনের জাহাজের এ ধরনের চলাচল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাপানের দাবি, চীন ওই এলাকায় নিজেদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে।
জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও দেশের আইন মেনে ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতিতে তারা ‘শান্ত এবং দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাবে।
আরো পড়ুন
সেনকাকু বা দিয়াওইউ দ্বীপপুঞ্জের বিরোধ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধ। কৌশলগত অবস্থান ও সম্ভাব্য প্রাকৃতিক সম্পদের কারণে এলাকাটি দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।