নিজেদের স্বার্থে সাজেক সড়কের অবরোধ চালাচ্ছে ইউপিডিএফ, প্রত্যাহারের দাবি হেডম্যান-কার্বারি ও জনপ্রতিনিধিদের

নিজেদের স্বার্থে সাজেক সড়কের অবরোধ চালাচ্ছে ইউপিডিএফ, প্রত্যাহারের দাবি হেডম্যান-কার্বারি ও জনপ্রতিনিধিদের

নিজেদের স্বার্থে সাজেক সড়কের অবরোধ চালাচ্ছে ইউপিডিএফ, প্রত্যাহারের দাবি হেডম্যান-কার্বারি ও জনপ্রতিনিধিদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

প্রসূতি মায়ের মৃত্যুসহ নানা ভোগান্তির অভিযোগ; অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও এর ছায়া সংগঠনের ডাকে টানা ৪৪ দিন ধরে চলা সড়ক অবরোধ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ। অবরোধের কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, চিকিৎসাসেবা, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এ সময় অবরোধের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা নিশ্চিত এবং অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া স্কুল মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারি, ইউপি সদস্য ও স্থানীয় ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১১ অক্টোবর ইউপিডিএফের মদদপুষ্ট সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয়। পরবর্তী সময়ে ২৬ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, দুই জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সাজেকের উজোবাজারে গিয়ে অবরোধকারী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অবরোধকারীরা আগের তিন দফা দাবির পরিবর্তে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। লিখিত বক্তব্যের দাবি অনুযায়ী, প্রশাসনের পক্ষ থেকে পাঁচ দাবির মধ্যে চারটি মেনে নেওয়া হলেও জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সদস্যদের সাজেক থেকে দ্রুত সরিয়ে নেওয়ার দাবিটি অমীমাংসিত থাকায় অবরোধ প্রত্যাহার করা হয়নি।

নিজেদের স্বার্থে সাজেক সড়কের অবরোধ চালাচ্ছে ইউপিডিএফ, প্রত্যাহারের দাবি হেডম্যান-কার্বারি ও জনপ্রতিনিধিদের

বক্তারা বলেন, সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা গত ১০ নভেম্বর এক বিবৃতির মাধ্যমে সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি সড়ক অবরোধের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তার অবস্থানের সঙ্গে একমত পোষণ করে সংবাদ সম্মেলনে উপস্থিত কার্বারিরা দাবি করেন, শুরু থেকেই তারা ওই সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ইউপিডিএফের চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী বাবুধন চাকমার নেতৃত্বাধীন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি এবং পিসিপির সশস্ত্র ক্যাডার জিকো চাকমার নেতৃত্বাধীন সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বরং এসব সংগঠন ইউপিডিএফের নির্দেশনা ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে বলে দাবি করেন বক্তারা। তাদের ভাষ্য, বর্তমানে যে দাবিকে কেন্দ্র করে অবরোধ চলছে, সেটি মূলত ইউপিডিএফ ও জেএসএসের পারস্পরিক রাজনৈতিক বিরোধের বিষয়। এর সঙ্গে সাজেকের সাধারণ জনগণের স্বার্থের সরাসরি কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক বিরোধের কারণে সাধারণ মানুষকে চাপ প্রয়োগ করে অবরোধে সম্পৃক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা।

নিজেদের স্বার্থে সাজেক সড়কের অবরোধ চালাচ্ছে ইউপিডিএফ, প্রত্যাহারের দাবি হেডম্যান-কার্বারি ও জনপ্রতিনিধিদের

বক্তারা জানান, সাজেক এলাকায় ৫০টির বেশি গ্রাম রয়েছে, যেখানে হাজার হাজার মানুষের বসবাস। এসব এলাকার মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধপত্র কেনাকাটা এবং ব্যবসা-বাণিজ্যের জন্য গঙ্গারাম বাজার, উজোবাজার, মাচালং বাজারসহ বিভিন্ন সড়কসংলগ্ন বাজার ও দোকানপাটের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিনের অবরোধে এসব বাজারে পণ্য পরিবহন ও কেনাবেচা ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় ব্যবসায়ী, জুমচাষি ও সাধারণ পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে মানুষের যাতায়াতও বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে গত ৭ নভেম্বর সাজেকে উপযুক্ত চিকিৎসার অভাবে ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়। বক্তাদের দাবি, চলমান অবরোধের কারণে জরুরি চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় ওই মৃত্যুর পেছনে অবরোধের ভূমিকা ছিল। এ ছাড়া গত ১২ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধবিহারের সামনে ইউপিডিএফের সন্ত্রাসীরা ১১ জনের ১১টি মোটরসাইকেলের তার কেটে দেন। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান তারা।

নিজেদের স্বার্থে সাজেক সড়কের অবরোধ চালাচ্ছে ইউপিডিএফ, প্রত্যাহারের দাবি হেডম্যান-কার্বারি ও জনপ্রতিনিধিদের

স্থানীয় জনগণকে জোর করে অবরোধে অংশ নিতে বাধ্য করার অভিযোগও তুলেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা। তাদের দাবি, বাঘাইহাট, বাইবাছড়া, ডানে বাইবাছড়া, চামিনীছড়া ও গঙ্গারাম এলাকার নারী-পুরুষদের পিকেটিং, টায়ার জ্বালানো এবং অবরোধ কর্মসূচিতে অংশ নিতে চাপ দেওয়া হচ্ছে। অবরোধকারী ইউপিডিএফ সন্ত্রাসীরা হঠাৎ গ্রামে গিয়ে সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ছবি তুলে চলে যান। এমনকি গ্রামবাসীদের জোরপূর্বক সভায় ডেকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, নির্দেশনা না মানলে ‘জ্যান্ত গর্তে পুঁতে ফেলার’ হুমকি দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, ২০২৪ ও ২০২৫ সালেও সাজেকের পূর্বাঞ্চলের মানুষের একমাত্র গুরুত্বপূর্ণ বাজার উদয়পুর বাজারে দফায় দফায় অবরোধ দিয়েছিলো এই ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা। এতে সাধারণ জুমচাষি ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এবার পুরো সাজেক এলাকার মানুষের ওপর একই ধরনের পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় মঙ্গল কুমার চাকমা বলেন, ​সাজেক একটি প্রান্তিক এলাকা। প্রায় এক মাস ধরে সড়ক অবরোধ বন্ধ। এখানকার মানুষ জুম চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করে। জুম চাষে উৎপাদিত ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারছি না, গাড়িঘোড়া চলে না। এতে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, এছাড়া সাজেগে উন্নত কোনো হাসপাতাল বা মেডিকেল নেই। একটু অসুস্থ হলে খাগড়াছড়ি কিংবা দীঘিনালায় নিতে হয়, কিন্তু গাড়ি না থাকায় অসুস্থ অবস্থায় বাসায় পড়ে থাকতে হয়। অনেকে মারাও যাচ্ছেন।

​আরেক স্থানীয় বাসিন্দা ফুল কুমারী চাকমা বলেন, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। উৎপাদিত মালামাল নেওয়া যাচ্ছে না, গাড়ি চলাচল বন্ধ। আবার রোগীদের ক্ষেত্রেও অনেকের ঝামেলা হচ্ছে, সময়মতো গাড়ি পাওয়া যাচ্ছে না।

​মাচালং এলাকার বাসিন্দা বিন্দু লাল চাকমা বলেন, অনেক সমস্যা হচ্ছে। আগে যারা দোকানপাট বা অন্যান্য কাজ করে খেত, এখন অনেকে লেবারের কাজ করে জীবিকা চালাচ্ছে।

তিনি আরও এখানে চাল, তেল বা নিত্যপণ্যের বাজার নেই বললেই চলে। সড়ক অবরোধে গাড়ি না চলায় পাড়া-এলাকার সবাই খুব কষ্টে আছি। সরকারের কাছে আলাদা করে কিছু চাইতে হবে না, মিডিয়া ও নেটের যুগে সবই তো সবার জানা; তারা সবই করতে পারে। আমরা শুধু এই কষ্টের মধ্যে আছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষের পক্ষ থেকে চলমান সড়ক অবরোধ অবিলম্বে প্রত্যাহার, স্বাভাবিক সড়ক যোগাযোগ ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবরোধের সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের স্বার্থবিরোধী কর্মসূচির বিরুদ্ধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *