বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন: ক্ষতিগ্রস্ত ১৮৭টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় নৌকাযোগে পৌঁছে দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর আলীকদম জোন।
বুধবার (৮ জুলাই) আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়।

জানা যায়, টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীর দুই তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছে। বন্যার পানিতে বহু বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এ পরিস্থিতিতে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আলীকদম জোন উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করে।

প্রথম পর্যায়ে উপজেলার রোয়াম্ব পাড়া, আব্বাস কারবারি পাড়া, খুল্লামিয়া পাড়া ও মংচা পাড়ার মোট ১৮৭টি বন্যাকবলিত পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রোয়াম্ব পাড়ার ৪০টি, আব্বাস কারবারি পাড়ার ৯৭টি, খুল্লামিয়া পাড়ার ২০টি এবং মংচা পাড়ার ৩০টি পরিবার এ সহায়তা পেয়েছে।
ত্রাণ বিতরণকালে জোন অধিনায়ক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সেনাবাহিনী জনগণের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
ত্রাণপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যরা সেনাবাহিনীর এ সময়োপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও সহায়তা তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে এবং নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সাহস জুগিয়েছে।

আলীকদম জোন সূত্র জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে, যাতে কোনো দুর্গত পরিবার প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়।
সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্তমানবতার সেবায় বাহিনী সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।