মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলার পর কুয়েত-জর্ডানকে ইরানের বার্তা
![]()
জার্নাল ডেস্ক
মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় একাধিক ঘাঁটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে বার্তা দিয়েছে ইরান। বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানের আজরাকে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। এরপর সংস্থাটি জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করার জন্য দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, অপারেশন ‘নাসর-২’-এর ষষ্ঠ ধাপে মার্কিন এফ-১৫, এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমানের আশ্রয়স্থল এবং বেশ কয়েকটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে জর্ডানের জনগণের উদ্দেশে আইআরজিসি তাদের দেশে মার্কিন সামরিক উপস্থিতি বন্ধ করার এবং পবিত্র ভূমিকে ইসলামি দেশগুলোর বিরুদ্ধে হামলার কেন্দ্র হতে না দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জর্ডানের জনগণকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করতে এবং মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য ‘প্রতিটি সুযোগ কাজে লাগানোর’ আহ্বানও জানিয়েছে।
কুয়েতের জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি দেশটিতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। একই সঙ্গে কুয়েতিদের দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাতে এবং মার্কিন বাহিনীর ঘাঁটি থেকে নিজেদের ভূখণ্ড মুক্ত করার আহ্বান জানিয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরকবাহী ড্রোনগুলো দ্বিতীয়বারের মতো জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমান রাখা এলাকা এবং বড় সরঞ্জাম হ্যাঙ্গারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
এদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, আজ সকালে বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে। এতে এসব স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশজুড়ে ড্রোন প্রতিহত করার সময় বিকট শব্দ শোনা যাচ্ছে।
আইআরজিসি জানিয়েছে, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়েছে।
আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে গার্ড জানিয়েছে, ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিতে আগুন ধরে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।