সাজেকে বন্যাদুর্গত অর্ধশতাধিক পরিবারের মাঝে ৫৪ বিজিবির ত্রাণ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বন্যাদুর্গত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় ৫৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।
এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাছান ইমাম এবং সহকারী পরিচালক ওমর ফারুকসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ভোজ্যতেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম গুড় এবং ১ কেজি চিড়া।
ত্রাণ বিতরণ শেষে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাও বিজিবির দায়িত্বের অংশ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।