বন্যাদুর্গতদের পুনর্বাসনের আশ্বাস, ক্ষুদ্রঋণের কিস্তি এক মাস স্থগিত: পার্বত্য প্রতিমন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, এমপি বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসনের পাশাপাশি ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবাও নিশ্চিত করা হবে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউসে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ নয়; বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা। এজন্য ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন, বসতঘর নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক ও অন্যান্য অবকাঠামোর পুনর্নির্মাণ এবং কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি পায়। পাশাপাশি গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবা পরিচালনা করা হবে।

প্রতিমন্ত্রী জানান, বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বান্দরবান জেলা শহরের বিভিন্ন বন্যাকবলিত এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাই লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।