ঢাকা-খাগড়াছড়ি ও বারৈয়ারহাট-ফটিকছড়ি সড়কে ৪৮ ঘন্টার হরতাল
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে উপজেলার উত্তরের তিন ইউনিয়নে রবিবার (২৬ জুলাই) থেকে ৪৮ ঘন্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ।
এতে অন্তর্ভুক্ত থাকবে ঢাকা-খাগড়াছড়ি ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়ক। মঙ্গলবার রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল লিখিত বক্তব্যে বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে না করে পূর্বের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না।
এ কারণে দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের আওতাধীন এলাকায় রবিবার থেকে ৪৮ ঘন্টার হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি বৃদ্ধি পাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের, জামায়াত নেতা এবিএম সিদ্দিক , ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন,ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার, মো নুরুল আলম নুরু,মোঃ আলমগীর, যুবদল নেতা মোঃ কবির, ব্যবসায়ী সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মোঃ ইমাম উদ্দিন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।