চাঁদা নিতে এসে জনতার হাতে জেএসএস সন্ত্রাসী আটক, বিজিবির কাছে সোপর্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতে এসে জনতার হাতে আটক হয়েছেন সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএসের এক সন্ত্রাসী। পরে তাকে বিজিবির কাছে সোপর্দ করে স্থানীয়রা।
এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম ছিপন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ছিপন দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় সাধারণ কৃষক ও অধিবাসীদের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদার দাবি করা টাকা না পেলে সে স্থানীয় কৃষকদের সবজি বাগান নষ্ট করাসহ নানাভাবে কাজে বাধা ও হুমকি-ধমকি দিয়ে আসছিল।

আজ সকালে সে পুনরায় ওই এলাকার কৃষকদের কাছ থেকে চাঁদা তুলতে গেলে অতিষ্ঠ ও ক্ষুব্ধ জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রসিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উত্তেজিত জনতা তাকে বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।