টেকনাফে পালকি বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুট, ছুরিকাঘাতে প্রতিনিধি আহত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে বন্দর সংলগ্ন মহাসড়কে অস্ত্রধারী ডাকাত দলের হামলায় বিকাশের দুই সেলস রিপ্রেজেন্টেটিভের (এসআর) কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে এক বিকাশ প্রতিনিধি আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় ১৪ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত বিকাশ প্রতিনিধি মো. আল আরমান (২৬) টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, বিকাশের তিনজন সেলসম্যান পালকি পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাসস্টেশন থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে দমদমিয়া বিওপি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ১৪ নম্বর ব্রিজ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী দল সড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে।
পরে ডাকাত দলের সদস্যরা বাসে থাকা বিকাশের দুই এসআরের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে তারা আল আরমানকে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতের ওপরের অংশে জখম হয়। আতঙ্ক সৃষ্টি করতে ডাকাতরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও জানা গেছে।

বিকাশ এজেন্ট মালিক আবদুর করিম জানান, ডাকাতরা হামলা চালিয়ে ৫৭ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত আল আরমানকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার পর ডাকাত দলটি সড়কের পূর্ব পাশের পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বাসটি দমদমিয়া চেকপোস্টে পৌঁছে বিজিবি সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বন্দর এলাকার কাছে একটি পালকি বাস থামিয়ে দুর্বৃত্তরা এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫৭ লাখ টাকা নিয়ে যায়। তারা গাছ ফেলে সড়ক বন্ধ করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে তদন্ত ও অভিযান চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।