কাপ্তাইয়ে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আর্দশী তনচংগ্যা স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তনচংগ্যার মেয়ে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, প্রতিদিনের মতো আর্দশী নিজ ঘরে গামছা দিয়ে তৈরি দোলনায় খেলছিল। এ সময় তার বাবা-মা জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত গামছাটি তার গলায় পেঁচিয়ে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের খেলাধুলার সময় পরিবারের সদস্যদের সতর্ক নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।