টেকনাফে বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাই: সন্দেহভাজন এক ডাকাত আটক
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন মো. আক্তার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক আক্তার হোসেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পসংলগ্ন নুরালী পাড়া এলাকার বাসিন্দা। সোমবার (৪ আগস্ট) পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, এই ছিনতাইয়ের ঘটনায় আক্তার হোসেনের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের মধ্যে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আক্তারের ভাই ইমান হোসেন, ভাই ভাগিনা কামাল হোসেন, আজিজুর রহমান প্রকাশ ঘুরাইয়া, মিজানুর রহমান, মোহাম্মদ আলম, মো. রাসেল প্রকাশ আব্বুয়া এবং আব্দুল খালেকের নাম রয়েছে।
পুলিশ জানিয়েছে, আক্তার হোসেনের বিরুদ্ধে মাদক, হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
টেকনাফ বিকাশ এজেন্টের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, এ ঘটনায় আহত একরাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২ আগস্ট বিকেলে টেকনাফ বন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে একটি বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় বিকাশ এজেন্টের কর্মচারী একরামকে ছুরিকাঘাত করা হলে তিনি আহত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।