উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশির পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদীর শূন্যরেখার ওপারে মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত বদি আলম (৪২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, বৃহস্পতিবার সকালে বদি আলমসহ স্থানীয় আরও দুই থেকে তিনজন বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা শূন্যরেখার ওপারে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে সেখানে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়।
তিনি জানান, বিস্ফোরণে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের ডান পাশে গুরুতর আঘাত লাগে।
পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এর আগে, গত ২৮ জুলাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামে আরও এক বাংলাদেশি আহত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।