মহেশখালী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) একদিনের সফরে তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) চলমান কার্যক্রম পরিদর্শন করবেন।
মহেশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ এবং ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন। পরে ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিতভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ির উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনের মাধ্যমে দেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে ধরনের দায়িত্ব ও সহযোগিতা চাওয়া হবে, জেলা পুলিশ তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।