উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলের রোলকলে অনুপস্থিত থাকার পর শনিবার (৮ আগস্ট) ভোরে ক্যাম্পের ওয়াশরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল হোসেন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় ওয়াশরুমের মেঝেতে একজনকে পড়ে থাকতে দেখা যায়।

পরে ক্যাম্পের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিয়ে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ক্যাম্পের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ওয়াশরুমের স্টিলের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি কেটে রুবেল হোসেনকে বের করা হয়। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করা হয়।

সূত্র জানায়, ওয়াশরুমের ভেতর থেকে রুবেল হোসেনের ব্যবহৃত সিগারেট, গোসলের তোয়ালে, টর্চলাইট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমে থাকা অবস্থায় অসুস্থ হয়ে অথবা স্ট্রোকজনিত কারণে এএসআই রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed