প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, ‘এসডিজি ভিলেজ’ ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, ‘এসডিজি ভিলেজ’ ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, ‘এসডিজি ভিলেজ’ ঘিরে উৎসবের আমেজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে আগামীকাল ১০ আগস্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রামটির উদ্বোধন করবেন। এ উপলক্ষে মিতিঙ্গাছড়ি গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ।

জানা গেছে, আগামীকাল সকাল ১১টায় সারাদেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি ছাড়াও খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম রয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানটি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়েছে। মিলনায়তনটিও ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। অনুষ্ঠানকে ঘিরে সাজসজ্জা, ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দারা প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গ্রামের বাসিন্দা মো. নুর কবির, আব্দুল মতিন, সুইহ্লা প্রু মারমা, অংচেপ্রু মারমা ও কাকলি দাশ বলেন, বাংলাদেশের মাত্র তিনটি গ্রামের মধ্যে তাদের গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধনের জন্য নির্বাচিত করায় তারা আনন্দিত। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, এটি শুধু মিতিঙ্গাছড়ি নয়, সমগ্র কাপ্তাইবাসীর জন্য গৌরবের বিষয়। ১০ আগস্ট কাপ্তাইয়ের জাতীয় জীবনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এসডিজি প্রকল্পের আওতায় মিতিঙ্গাছড়িকে পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত করায় তারা আনন্দিত।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন বলেন, বাংলাদেশের তিনটি গ্রামের মধ্যে কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচিত করা গৌরবের বিষয়। এ জন্য তারা ব্যক্তিগতভাবে এবং রাঙামাটি জেলা বিএনপি, কাপ্তাই উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানস্থলের সাজসজ্জা, ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

১৭টি এসডিজি লক্ষ্যে মিতিঙ্গাছড়ির উন্নয়ন পরিকল্পনা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ১৭টি লক্ষ্যের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর আওতায় দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

একই সঙ্গে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

এর পাশাপাশি কৃষি ও স্থানীয় জীবিকার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে দুর্গম পার্বত্য এলাকার একটি গ্রামকে টেকসই উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধনের মধ্য দিয়ে কাপ্তাইয়ের এই প্রত্যন্ত গ্রামের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে—এমন প্রত্যাশা এখন স্থানীয় বাসিন্দাদের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed