বাঘাইছড়ির তুলাবান উচ্চ বিদ্যালয়ে বিজিবির উদ্যোগে সংস্কার হলো শহিদ মিনার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ শহিদ মিনার সংস্কার ও রংকরণের মাধ্যমে নতুন রূপ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)’র উদ্যোগে কয়েক দিনের সংস্কারকাজ শেষে রোববার (৯ আগস্ট) নবসজ্জিত শহিদ মিনারটি উদ্বোধন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২ আগস্ট মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক লৈঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ তুলাবান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে থাকা শহিদ মিনারটি জরাজীর্ণ অবস্থায় দেখতে পান তিনি। ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এরপর জোনের ব্যবস্থাপনায় এবং বিজিবি সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে শহিদ মিনারটির সংস্কারকাজ শুরু করা হয়। কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় মেরামত সম্পন্নের পর পুরো শহিদ মিনারে নতুন করে রং করা হয়। সংস্কারের পর মিনারটি এখন আরও পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা শহিদ মিনারটি সংস্কারের ফলে বিদ্যালয়ের পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে জাতীয় দিবস ও ভাষা শহিদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এটি আরও উপযোগী হয়ে উঠবে।

শহিদ মিনার সংস্কারের বিষয়ে মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “শহিদ মিনার আমাদের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের এক অনন্য স্মারক। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বিজিবির পক্ষ থেকে সবসময়ই অব্যাহত থাকবে।”
তুলাবান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহিদ মিনার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিবি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, নতুন করে সাজানো শহিদ মিনারটি শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম সম্পর্কে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিজিবির এ ধরনের জনসম্পৃক্ত ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।