১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে জাল ফেলবেন জেলেরা
![]()
জার্নাল প্রতিবেদক
দীর্ঘ ১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার মধ্যরাত থেকে আবারও রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামছেন জেলেরা। কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও পোনা মাছের সুষম বৃদ্ধির লক্ষ্যে গত ২০ এপ্রিল থেকে হ্রদে সব ধরনের মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
সোমবার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্র জানায়, ১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে জেলেরা হ্রদে মাছ ধরতে পারবেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে রাঙামাটির বিভিন্ন ঘাট ও বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে কর্মচাঞ্চল্য।
শেষ মুহূর্তে জাল মেরামত, নৌকা প্রস্তুত, জ্বালানি সংগ্রহ ও বরফ মজুতসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। দীর্ঘদিনের নীরবতা কাটিয়ে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবারও জেলেদের নৌকা ও জালের ব্যস্ততা দেখা যাবে।

হ্রদে মাছ শিকারের সুযোগ ফিরে আসায় খুশি জেলেরা। দীর্ঘ সাড়ে তিন মাস কর্মহীন থাকার পর এবার কাঙ্ক্ষিত মাছ পাওয়ার পাশাপাশি ঋণ ও আর্থিক সংকট কাটিয়ে ওঠার আশা করছেন তারা। একই সঙ্গে মাছের সরবরাহ বাড়লে বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, গত বছরের চেয়েও বেশি মাছ অবতরণ হবে এবং রাজস্বও বাড়বে।”
তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে হ্রদে অতিরিক্ত মাছ আহরণ ও মাছের অপচয় রোধে অবতরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ ১০৫ দিনের নিষেধাজ্ঞার পর জেলেদের নৌকা ও জাল নিয়ে হ্রদে নামার মধ্য দিয়ে কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ ও সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যও আবার স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।